Published : 10 Mar 2026, 05:06 PM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হতে যাচ্ছে ভিন্নধর্মী নাটক ‘তাবুলা রাসা’। বিশ্বখ্যাত নাট্যকার হেনরিক ইবসেনের ভাবনা থেকে অনুপ্রাণিত এই প্রযোজনাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। অধ্যাপক আহমেদুল কবিরের নিবেদনে নাটকটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। নির্দেশক জানান, এটি একটি বিশেষ প্রযোজনা, যেখানে ইবসেনের কোনো একক নাটক মঞ্চস্থ না করে তাঁর তিনটি বিখ্যাত নাটকের – ‘আ ডল’স হাউস’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’ – নির্বাচিত অংশগুলো একত্রিত করে ‘তাবুলা রাসা’র চিত্রনাট্য তৈরি করা হয়েছে। আহমেদুল কবির বলেন, ‘এটি আমাদের শিক্ষণ প্রক্রিয়ারই অংশ।
ইবসেনের নাটকগুলো আমাদের পাঠ্যক্রমের অংশ ছিল এবং এর অনেক কিছুই আমাদের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। নাটকের মাধ্যমে জীবন, বাস্তবতা, প্রকৃতি, মানুষের সম্পর্ক, নারী নির্যাতন, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছি।’ মূল থিম অক্ষুণ্ণ রেখে নতুন আঙ্গিকে চিত্রনাট্যটি সাজানো হয়েছে। ‘তাবুলা রাসা’ নামটি লাতিন শব্দ থেকে নেওয়া, যার অর্থ ‘পরিষ্কার স্লেট’ বা ‘খালি পৃষ্ঠা’। নির্দেশক বলেন, ‘আমরা একটি শূন্য ক্যানভাস নিয়ে কাজ করছি, যেখানে সংলাপের পাশাপাশি শরীরী ভাষা ও শারীরিক কার্যকলাপের মাধ্যমে একটি নতুন ভাষা তৈরি করার চেষ্টা করছি।’ নাটকটি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত ও অভিনীত।
নির্দেশক মনে করেন, নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির ভান্ডার থেকে জ্ঞান আহরণ জরুরি। এই প্রযোজনাটি শিক্ষার্থীদের সেই সুযোগ করে দেবে। তিনি আরও বলেন, ‘নাটকটি দেখলে দর্শকেরা সমসাময়িক নারী নির্যাতন, বৈষম্য এবং অন্যান্য সামাজিক সমস্যাগুলোর প্রতিচ্ছবি দেখতে পাবেন।’।
শিল্পীদের অধিকার ও সুরক্ষার দাবিতে কেন বারবার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন?